সংসদে রুহুল আমিন দুলালের প্রস্তাব: কঁচা নদীর ওপর সেতু নির্মাণে সরকারের সবুজ সংকেত
- আপডেট সময় : 08:54:15 pm, Friday, 17 April 2026 187 বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন কঁচা নদীর ওপর ‘চরখালী সেতু’ নির্মাণের পথে বড় ধরনের অগ্রগতি হয়েছে। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মাননীয় সংসদ সদস্য শামীম শাহরিয়ার (রুহুল আমিন দুলাল) জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি উত্থাপন করার পর সরকারের পক্ষ থেকে ইতিবাচক ঘোষণা এসেছে।
সংসদ অধিবেশনে এমপি রুহুল আমিন দুলাল কঁচা নদীর ওপর সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এই সেতুটি নির্মিত হলে মঠবাড়িয়া তথা পিরোজপুরবাসীর সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য এই সেতু এখন সময়ের দাবি।
তার এই প্রস্তাবের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, কঁচা নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি সরকারের পরিকল্পনাধীন রয়েছে এবং এটি বাস্তবায়ন করা হবে। সেতুটি নির্মাণের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করার প্রতিশ্রুতি দেন তিনি।
দীর্ঘদিনের এই দাবি সংসদে বলিষ্ঠভাবে তুলে ধরায় এবং সরকারের পক্ষ থেকে আশ্বাসের পর মঠবাড়িয়ার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় জনপদে এমপি রুহুল আমিন দুলালকে মঠবাড়িয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
এলাকাবাসী মনে করছেন, এই সেতু বাস্তবায়ন হলে মঠবাড়িয়া উপজেলা একটি সমৃদ্ধ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্রে পরিণত হবে। দ্রুতই প্রকল্পের কাজ শুরু হবে—এমনটাই প্রত্যাশা মঠবাড়িয়ার সাধারণ মানুষের।









