জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ মহাসড়ক এখন ময়লার ভাগাড়: দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রী ও পথচারী!
- আপডেট সময় : 11:46:10 pm, Thursday, 9 April 2026 186 বার পড়া হয়েছে
গাজীপুরের প্রধান প্রাণকেন্দ্র জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহমুখী মহাসড়কটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন সিটি কর্পোরেশনের হাজার হাজার টন বর্জ্য কোনো নিয়ম ছাড়াই মহাসড়কের পাশে এবং ফ্লাইওভারের নিচের অংশে স্তূপ করে রাখা হচ্ছে। নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় ব্যস্ততম এই সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।
সরেজমিনে দেখা গেছে, জয়দেবপুর চৌরাস্তা পার হয়ে ময়মনসিংহ রোডে প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল ময়লার পাহাড়। সড়কের একটি বড় অংশ দখল করে এই বর্জ্য ফেলায় রাস্তা সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সেই সঙ্গে পচা ময়লার তীব্র দুর্গন্ধে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী, চালক ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মাস্ক ব্যবহার করেও এই দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, দিনের পর দিন ময়লা জমিয়ে রাখা হলেও তা অপসারণের কার্যকর কোনো উদ্যোগ নেই। বৃষ্টির সময় ময়লা পচা পানি রাস্তায় মিশে পিচ্ছিল হয়ে পড়ছে সড়ক, যা ছোট-বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই রুট দিয়ে যাতায়াতকারী উত্তরবঙ্গের যাত্রীদের জন্য এই স্পটটি এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
এলাকাবাসীর দাবি, জয়দেবপুর চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ একটি মোড়ে এভাবে মহাসড়কের ওপর ময়লা ফেলে রাখা গাজীপুর সিটি কর্পোরেশনের চরম অব্যবস্থাপনারই বহিঃপ্রকাশ। অবিলম্বে এই ময়লার স্তূপ সরিয়ে ময়মনসিংহে যাতায়াতের পথ পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।









